ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যায় গ্রাম আদালতে’ স্লোগানে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। সমাজের অসহায় দরিদ্র পিছিয়েপড়া জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত নারীরা যাতে উচ্চ আদালতে না যেয়ে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক ও ন্যায় বিচার পেতে পারে সে বিষয়টি সামনে রেখে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের নিয়ে সদর উপজেলার সম্মেলন কক্ষে কর্মশালার শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীদ্র নাথ রায়, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, যুব উন্নয়ন অফিসার মোহা. মিজানুর রহমান এবং মহিলাবিষয়ক কর্মকর্তা জনাব মুন্সী ফিরোজা সুলতানা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল গ্রাম আদালতের প্রশিক্ষণ ভেনু পরিদর্শন করেন এবং গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের ছোট খাট বিবাদ মীমাংসা ও গ্রাম আদালত প্রতিষ্ঠায় ইউপি সদস্যদের যে গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব আছে সেগুলো সঠিক ভাবে গুরুত্বের সাথে পালন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মো. আজিজুর রহমান ও নূরুল মোমেন রইচ। ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ’বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’র সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের সদস্যদের নিয়ে মোট ৮টি ব্যাচে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ পর্যায়ক্রমে সম্পন্ন হবে। আগামী ২৬ মে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।
