ছবির ক্যাপশন:
দামুড়হুদায় চলন্ত ট্রেন থেকে পড়ে গাফফার আলী আকাশ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে ও চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়রামপুর কলোনিপাড়া ঈদগাহ সংলগ্ন মাঠের পাশে রেললাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি চলে যাওয়ার পর ঈদগাহ সংলগ্ন মাঠের পাশে রেললাইনের ধারে পড়ে থাকা মরদেহ দেখতে পাওয়া যায়। তারা ধারণা করেন রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক অজ্ঞাত থাকলেও পরবর্তীতে নিহতের পকেটে থাকা আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ মাঝে মধ্যে অফিস শেষে চুয়াডাঙ্গা থেকে ট্রেনে করে দর্শনা হল্টে নামতেন এবং সেখান থেকে সড়ক পথে বাড়ি ফিরতেন। গতকালও তিনি সে রুটেই ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
