বিচার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া, চুয়াডাঙ্গায় আদালতে প্রথম ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণ

ইতিহাস গড়লেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার

আইনজীবী ও কর্মকর্তাদের প্রশংসা- ‘এই উদ্যোগে খুলবে বিচার ব্যবস্থার নতুন পথ’

আপলোড তারিখঃ 2025-05-20 ইং
বিচার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া, চুয়াডাঙ্গায় আদালতে প্রথম ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণ ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গা আদালত

 

প্রথমবারের মতো চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস ইতিহাস গড়ে দুটি মামলায় ভার্চুয়াল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণের পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল সাক্ষ্য ও শুনানি সংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন হয়।


আদালত সূত্রে জানা গেছে, বিচারাধীন টি.আর ২২২/২০২২ ও টি.আর ০১/২০২৪ নম্বর দুটি মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া মা-আরিজ ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্য প্রদান করেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ৬ আগস্ট মিসকাতুল জান্নাত মীম (১৬) নামের এক কিশোরীর ময়নাতদন্ত করেন। এছাড়া ২০২২ সালের ১ জুন টি.আর ২২২/২০২২ মামলার ভিকটিম মো. আব্দুল হান্নানকে (৬০) পরীক্ষাও করেন তিনি।


সরকারি পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ভার্চুয়াল সাক্ষ্য গ্রহণের অনুমতি দেন। গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় মামলার আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মো. আবজালুল হক ও অ্যাডভোকেট মো. আত্তাব আলী সাক্ষীকে জেরা করেন। চুয়াডাঙ্গা আদালতের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্য গ্রহণের ঘটনা জেলার বিচার ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।


সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘করোনাকালীন সময়ে সীমিত পরিসরে চুয়াডাঙ্গাসহ দেশে ভার্চুয়াল জামিন শুনানি হয়েছিল। এ বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশনাও আছে। চুয়াডাঙ্গার বিচারিক কার্যক্রমে এই প্রথম বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় দুটি মামলায় একজন চিকিৎসকের ভার্চুয়ালি সাক্ষী নিয়েছেন। এতে মামলা দুটির বিচারিক কার্যক্রম এগিয়ে গেল। সরকারি কর্মকর্তা, বিচারক, চিকিৎসক জনগণের সেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ উদ্যোগে সরকারি খরচ ও মূল্যবান সময় বাঁচবে। বিচারিক কার্যক্রম আরও বেশি গতিশীল হবে। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার এটি চালু রাখবেন বলেছেন।’


চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান আলী বলেন, ‘অনলাইনে সাক্ষ্য গ্রহণ চুয়াডাঙ্গা জেলা বিচার বিভাগের জন্য একটা রেকর্ড। ভার্চুয়ালি সাক্ষ্যগ্রহণ বিচারকার্যে চুয়াডাঙ্গা বিচার বিভাগের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা রাখি।’


চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, ‘ভার্চুয়াল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি এটি আরও সহজ ও কার্যকর করে তুলবে। বিচারক, ম্যাজিস্ট্রেট এবং চিকিৎসকগণ জনগণের সেবার স্বার্থে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন। কিন্তু তাদের চাকরি কোনো একটি জেলায় স্থায়ী নয়। ফলে বিভিন্ন সময়ে, বিভিন্ন মামলার সাক্ষ্য দিতে তাদের পূর্বের কর্মস্থলে যেতে হয়। এতে তারা বর্তমান কর্মস্থলে অনুপস্থিত থাকেন, পাশাপাশি যাতায়াতজনিত সরকারি খরচ ও মূল্যবান সময় অপচয় হয়। আমি মনে করি ভার্চুয়াল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ এই সকল সমস্যার একটি কার্যকর ও যুগোপযোগী সমাধান।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)