ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে কলা চুরিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে গ্রামের শেখপাড়া মাঠে কলা চুরির অভিযোগ তুললে ইনারুল ইসলাম (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করে একই গ্রামের মতিরুল মিয়া (৩৮)। গুরুতর আহত অবস্থায় ইনারুলকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ইনারুলের কলাবাগানে কলা কাটছিলেন মতিরুল। এমন সময় জমির মালিক ইনারুল সেখানে গিয়ে কলা কাটার বিষয়ে জানতে চাইলে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে বাস্তা থেকে কলার ছড়াগুলো বের করে নিতে গেলে ধস্তাধস্তি বাধে। একপর্যায়ে মতিরুল তার হাতে থাকা হাসুয়া দিয়ে ইনারুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইনারুলের তার ডান হাতের কবজিতে গুরুতর জখম হয়। পরে স্থানীয় কৃষকরা ইনারুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক জানান, ইনারুলের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে মতিরুল পলাতক ছিল। গতকাল সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ শহরের নায়েববাড়ি মন্দিরের সামনে থেকে তাকে আটক করে।
