ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে এই মাসিক সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, সাধারণ সম্পাদক আবেদ-উদ-দৌলা টিটন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দামুড়হুদা উপজেলা শাখার আহ্বায়ক আজারুল ইসলাম সোহান, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মামুনুর রশিদ প্রমুখ।
সভায় বক্তারা দামুড়হুদা উপজেলার মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত বিভিন্ন উঠতি বয়সী ছেলে-মেয়েদের রাত ৮টার পরে বাইরে অযথা ঘোরাফেরা বন্ধ করা, চিহ্নিত মাদক স্পটগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা, ফসলি জমির মাটি কাটা রোধে চিহ্নিত ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, স্কুল-কলেজে সময়মতো পাঠদান হচ্ছে কিনা শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে আনার জন্য নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা, বাল্যবিবাহ রোধে ইমাম এবং কাজী সাহেবদের সচেতন করার আহ্বান জানান। এছাড়া সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
