ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশনেতা ও সমাজের চালিকাশক্তি। তাদের মধ্যে থেকেই জন্ম নেবে বিজ্ঞানী, লেখক ও রাষ্ট্রনায়ক। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মধদিয়েই জাতি তার প্রকৃত সম্ভাবনার বিকাশ ঘটাতে সক্ষম হবে। আমি আশা করি, তোমরাই হবে সেই প্রজন্ম, যারা দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাবে। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তোমাদের নৈতিক চরিত্র, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধও সমানভাবে সমৃদ্ধ হতে হবে। তোমরা নিজেদের পরিশ্রম, মেধা ও নৈতিকতা দিয়ে শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দাও।’
শিক্ষক পরিষদের ডেপুটি সেক্রেটারি ড. মোহাম্মদ মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিথা, সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম, সহকারী অধ্যাপক সাইফুর রহমান ও সরকারি অধ্যাপক মহিতুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরোও বক্তব্য দেন প্রভাষক আব্দুল মালেক ও বিদায়ী শিক্ষার্থী আরাফাত রহমান শিশির।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের পুষ্প প্রদান ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের উপহারসামগ্রী ও স্মারক টি-শার্ট প্রদান করা হয়। এছাড়াও কুইজ ও লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান, আবৃত্তি, নাটক ও কৌতুকসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা অংশ নেয়।
