গ্রাম ছাড়ছে নারী-শিশুসহ অসহায় পরিবার

ঝিনাইদহে ডাবল মার্ডারের পর তাণ্ডব, নেতৃত্বে আ.লীগ নেতা

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
গ্রাম ছাড়ছে নারী-শিশুসহ অসহায় পরিবার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুজন নিহত হওয়ার পর চরম আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। মামলার আসামিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ফলে জনমানবহীন এসব বাড়িতে চলছে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। স্থানীয়রা জানান, গত সপ্তাহে একপক্ষের অতর্কিত হামলায় মোশাররফ হোসেন ও তার ভাতিজা নাইম হত্যার পর তাদের অনুসারীরা প্রতিশোধের নামে নিরীহ মানুষের বাড়িঘরে হামলা চালাচ্ছে। সংঘবদ্ধভাবে ভাঙচুর করা হচ্ছে আসবাবপত্র। লুটে নেওয়া হচ্ছে ঘরের মালামাল। এমনকি গৃহপালিত পশু গরু-ছাগল পর্যন্ত জোর করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।


এই তাণ্ডবের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন, নায়েব আলী ও শহিদুল ইসলাম ওরফে সাইদুল সুরী। তাদের সহযোগিতায় মজিদ সর্দার, মস্ত সর্দার, রুবেল, মারুফ, আতর বিশ্বাস, সবেদ আলী, বিল্লাল মোল্লা, মাজেদ বিশ্বাস, সাইদুল বিশ্বাস, মিহির বিশ্বাস, সামারুল বিশ্বাস, সোহান বিশ্বাস, বল্টু, সাহেব বিশ্বাস, শিমুল বিশ্বাস, টিকারী গ্রামের শিপন, রিয়াজ ওরফে চন্নু এবং ইমরোজ বাড়িঘরে লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।


ভুক্তভোগীদের দাবি, বর্তমানে গ্রামের পরিস্থিতি ভয়াবহ রকমের অস্থিতিশীল। বহু পরিবার নারীদের সন্তানসহ নিরাপত্তাহীনতার কারণে অন্যত্র আশ্রয় নিয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো কার্যকর পদক্ষেপ। একাধিক পরিবার অভিযোগ করেছে, যারা নিরীহ তারা আজও হামলা ও গ্রেপ্তারের আতঙ্কে বাড়িতে ফিরতে পারছে না। অথচ প্রতিপক্ষরা লুটপাট, তাণ্ডব চালালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে। 


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনো পুলিশ মোতায়েন করা হয়েছে।  কোনো প্রকার লুটপাট বা ভাঙচুর রোধে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দলবদল করে সামাজিক দলে ভেড়ানো নিয়ে দুই গ্রুপের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। ঘটনার দিন মোশাররফ হোসেন ও ৪ মে তার ভাতিজা নাইম মারা যান। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় ৪৪ জনকে আসামি করে মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)