মাঠে গরম-ঘামে ফসল সংগ্রহে কৃষকের যুদ্ধ

তাপদাহেও ব্যস্ত কৃষকেরা, চুয়াডাঙ্গায় ৮০% গ্রীষ্মকালীন ফসল সংগ্রহ সম্পন্ন

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
মাঠে গরম-ঘামে ফসল সংগ্রহে কৃষকের যুদ্ধ ছবির ক্যাপশন:


সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও বইছে তীব্র দাবদাহ। যা মানবদেহ, পশু-পাখি এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। তাপদাহেও মৌলিক চাহিদা পূরণের অন্যতম চালিকাশক্তি কৃষিকাজ থেমে নেই। বৈশাখের শেষ সময়টায় জেলার বিভিন্ন এলাকায় চলছে বোরো ধান, ভুট্টা, তিল ও গ্রীষ্মকালীন সবজি সংগ্রহের ব্যস্ততা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ইতিমধ্যে ৮০ শতাংশ বোরো ধান, ভুট্টা, তিল ও গ্রীষ্মকালীন সবজি সংগ্রহ সম্পন্ন হয়েছে। যা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ১০০ শতাংশ সম্পন্ন হবে।


চুয়াডাঙ্গা জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৩৫ হাজার ৯৫৬ হেক্টর জমিতে বোরো ধান ও ৪৭ হাজার ৯৫৬ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ধান সংগ্রহের পাশাপাশি ভুট্টা, তিল ও গ্রীষ্মকালীন সবজিও উঠতে শুরু করেছে। উষ্ণ আবহাওয়ার বৈরিতা সত্ত্বেও কৃষকরা ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। ১৩ মে’র পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর আগেই জেলায় চাষ হওয়া ১০০ শতাংশ গ্রীষ্মকালীন ফসল সংগ্রহ সম্পন্ন হবে।


আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন বলেন, ‘এখন বৈশাখ মাস। সাধারণত এই সময় ঝড়-বৃষ্টি হয়। কিন্তু এবার অতিরিক্ত গরম পড়ছে। মাঠে কাজ করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবুও ধান তোলা ছাড়া উপায় নেই। কারণ বৃষ্টির আগে ধান না তুলতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে।’ তিনি আরও জানান, প্রতি বছরই মৌসুমে শ্রমিক সংকট হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। উপরন্তু শ্রমিকদের মজুরি বেড়েছে। তীব্র গরমে অনেক কষ্ট করে ধান তুলছেন কৃষকেরা।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘গরমের কারণে কৃষকদের দুর্ভোগ হচ্ছে ঠিকই, তবে তারা অনেকটাই প্রস্তুতি নিয়ে ফসল ঘুরে তুলছেন। আমাদের পক্ষ থেকে মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে যাতে কম সময়ের মধ্যে ফসল ঘরে তোলা যায়।’ তিনি বলেন, ‘আবহাওয়া অফিসের তথ্যমতে আগামী ১৩ মে-এর পর থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। এখন পর্যন্ত ৮০ শতাংশ ফসল কর্তন ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে। তবে আশা করা যাচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বেশিরভাগ ফসলই সংগ্রহ হয়ে যাবে এবং বৃষ্টি শুরুর আগেই ১০০ শতাংশ ফসল সংগ্রহ সম্পন্ন হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)