দর্শনায় দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

জামায়াত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে চায়

আপলোড তারিখঃ 2025-05-11 ইং
দর্শনায় দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ছবির ক্যাপশন: রুকন শিক্ষা শিবিরে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত কল্যাণমুখী রাষ্ট্র  কায়েম করতে চায়।’ গতকাল শনিবার দর্শনায় দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিম আরও বলেন, ‘তিনটি বিষয় নিয়ে আগামীতে এগুতে চায় জামায়াত। ফ্যাসিস্টদের বিচার, সংস্কার ও নির্বাচন। পলাতক শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করতে হবে সবার আগে। এরপর সকল সেক্টরে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।’ 


তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় এসে দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চায়। ইতঃপূর্বে আমরা কী দেখেছি? পুলিশ শুধু মামলা দেয়।  আমরা বিগত ১৬ বছরে দেখলাম,পুলিশ বাসা থেকে ধরে নিয়ে এনে চোখ তুলে নেয়,হাত-পা কেটে ফেলে,গুম করে,আয়না ঘরে পাঠিয়ে নির্যাতন করে।’


চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আয়োজনে গতকাল শনিবার সকাল ৮টায় দর্শনা অডিটোরিয়ামে দিনব্যাপী এই রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও শিক্ষা শিবিরের ব্যবস্থাপক মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। 


জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন শিক্ষা শিবিরে জেলার ৬ শতাধিক পুরুষ রুকন অংশ নেন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা কর্ম ও শুরা সদস্য প্রমুখ। শিক্ষা শিবিরে স্বাগত বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও শিক্ষা শিবির পরিচালক মাওলানা আজিজুর রহমান।  অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।


  বিকেল সাড়ে ৪টায় অডিটোরিয়ামে জেলা তালিমুল কোরআনের সকল বিভাগের দায়িত্বশীল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিষয়ভিত্তিক  দারসুল হাদিস পেশ করেন অঞ্চল টিম সদস্য সাবেক মাগুরা জেলা আমির অধ্যাপক আলমগীর বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)