ছবির ক্যাপশন:
অভিযুক্ত পলাতক শুকুর আলী
জীবননগরে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে শুকুর আলী (৫৫) নামে এক দোকানির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুকুর আলী মৃত আফতাব আলীর ছেলে এবং পেশায় একজন চা-দোকানি।
স্থানীয় সূত্রে জানা যায়, মহানগর দক্ষিণপাড়ার ওই স্কুলছাত্রী নিজ ঘরে শুয়ে ছিল। সে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এসময় শুকুর আলী হঠাৎ ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে। তখন ওই ছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত শুকুর আলী পালিয়ে যায়। জানা গেছে, এ বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছিল। তবে বিষয়টি জানাজানি হলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন শুকুর আলী কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, শুকুর আলীর বিরুদ্ধে পূর্বেও একই ধরণের অভিযোগ ছিল। সে সময় পুলিশ তাকে আটক করে এবং পরে জামিনে মুক্তি পায়। পুনরায় একই ধরনের ঘটনায় জড়িত থাকায় এলাকাবাসী হতবাক। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
