ছবির ক্যাপশন:
বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর ভাবানীপুর ও পশ্চিম বিষয়খালী গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তারা মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- পশ্চিম বিষয়খালী গ্রামের সাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২২) ও উত্তর ভবানীপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে ওলিয়ার রহমান (৫২)।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ মিয়া জানান, মাঠে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই উত্তর ভবানীপুর গ্রামের কৃষক ওলিয়ার রহমান মৃত্যুবরণ করেন। এসময় মাঠের একটি স্যালো মেশিন ঘরে আগুন ধরে যায়। এদিকে চন্ডিপুর গ্রামের আব্দুল আলীম জানান, মাঠে ঝাল তোলার সময় বজ্রপাতে আহত হন মিরাজুল। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা জানান, বজ্রপাতে নিহত দুই ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। তারা অনেক আগেই মারা গেছেন। মৃত অবস্থায় তাদের আনা হয়েছিল। খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উভয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
