ছবির ক্যাপশন:
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মহান মে দিবস ২০২৫-এ এবারের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫। এ উপলক্ষে পহেলা মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞ, যাঁরা দিনরাত পরিশ্রম করে দেশের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মে দিবস আমাদের শেখায় শ্রমের মর্যাদা দিতে হবে, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং কর্মপরিবেশকে মানবিক ও নিরাপদ করতে হবে। ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’-এই আদর্শকে ধারণ করেই আমাদের অঙ্গীকার হোক শ্রমবান্ধব সমাজ গড়া।’
সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন, বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, রেলওয়ে শ্রমিক দলের সভাপতি নুরুজ্জামান এবং ইটভাটা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি রায়হান শেখ।
চুয়াডাঙ্গায় শ্রমিক দলের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত:
মহান মে দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের উদ্যোগে ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ স্লোগানে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় র্যালিটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কলেজ রোড, কবরী রোড, পৌরসভা মোড়, পোস্ট অফিস হয়ে চৌরাস্তা মোড়ে পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টায় চৌরাস্তা মোড়ে পৌর মঞ্চে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, ‘শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ, তাদের উন্নয়নই জাতীয় উন্নয়ন।’ তিনি বলেন, ‘১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সংগ্রাম, আত্মত্যাগ ও অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের সেই রক্তাক্ত অধ্যায় আজও আমাদের প্রেরণার উৎস। শ্রমিকরা তাদের ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল- সেই রক্তের বিনিময়েই এসেছে আজকের শ্রমিক অধিকারের স্বীকৃতি। আজ বাংলাদেশের শ্রমজীবী মানুষও নানা ধরনের বঞ্চনার শিকার। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার রক্ষায় এখনো আমাদের সংগ্রাম করতে হচ্ছে। দুর্নীতি, দলীয়করণ ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে শ্রমিকদের অনেক সময়ই উপেক্ষিত থাকতে হয়। আমরা চাই শ্রমিকবান্ধব সরকার, যেটি শ্রমিকের কথা চিন্তা করবে, তাদের পরিবার, তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাববে।’
শরীফুজ্জামান বলেন, ‘বিএনপি বিশ্বাস করে শ্রমিকই দেশের চালিকাশক্তি। তাই ভবিষ্যতে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি শ্রমিক-অধিকারসম্মত রাষ্ট্র গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিকদের পাশে থেকে বিএনপি সবসময় তাদের অধিকার আদায়ের আন্দোলনে সহযাত্রী হয়ে থাকবে।’
র্যালি ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ তালহা।
চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক দলের কর্মসূচি:
মহান মে দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা রেলওয়ে শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি বলেন, ‘শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম কারিগর। তাদের ন্যায্য অধিকার রক্ষা ও কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ এবং জেলা রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরণ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি:
সকাল ৮টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্যে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চুয়াডাঙ্গা পৌর সভাপতি ইমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাহফুজ আহমেদ, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাহবুব আশিক এবং পৌর সেক্রেটারি আসাদুজ্জামান।
চুয়াডাঙ্গায় অরিন্দম, উদীচী, সংলাপ ও আবৃত্তি পরিষদের আয়োজন:
মহান মে দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী সম্মিলিত সাংস্কৃতিক কর্মসূচি। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা কবরী রোড হয়ে সরকারি কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শহিদ মিনার বেদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ। আলোচনায় অংশ নেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি বজলুর রহমান জোয়ার্দার এবং উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবীবী জহির রায়হান। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং সমকালীন প্রেক্ষাপটে এর তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
আলোচনার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অরিন্দম, উদীচী, সংলাপ ও আবৃত্তি পরিষদের শিল্পীরা পরিবেশন করেন গণসংগীত, আবৃত্তি ও নৃত্য। উপস্থিত দর্শক-শ্রোতারা প্রাণবন্ত এই আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দমের সাধারণ সম্পাদক হিরন-উর-রশীদ শান্ত ও আবৃত্তি পরিষদের পরিচালক মনোয়ারা খুশি। সাংস্কৃতিক অঙ্গনের এ ধরনের উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘যত ধরনের সভ্যতা রয়েছে, তার মূল কারিগর হলো শ্রমিক। এই জেলায় অনেক শ্রমিক সংগঠন রয়েছে। কিন্তু সংগঠনের নেতারা কি কখনও শ্রমিকদের স্বাস্থ্য, সুরক্ষা বা অধিকার আদায়ে কাজ করেছেন? এসব বিষয়ে আমাদের নজর দেওয়া জরুরি।’
তিনি আরও বলেন, ‘আজ মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও। কাজ করতে গেলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তাই নিজেদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হবে এবং অধিকার আদায়ে সচেতন হতে হবে। শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য আমি প্রস্তুত। আমি তাদের কথা শুনতে চাই, তাদের জন্য কিছু করতে চাই।’
সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। আরও বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বশিরুল আলম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আয়নাল হক, শ্রমিক নেতা কামাল হোসেন, মোহাম্মদ আনিস, বিল্লাল হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
এদিকে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মেহেদী হাসান। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি মামুন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বর্তমান কৃষিজীবী বিভাগের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা ফেডারেশনের সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর শাখার সেক্রেটারি শামীম রেজা এবং পৌর শাখার সভাপতি সাইফুল্লাহ হাসান, যিনি সমাবেশটি সঞ্চালনা করেন।
দর্শনা:
দর্শনায় রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনসমূহ নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদ্যাপন করেছে। এদিন সকাল ৭টায় দর্শনা পৌর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মুক্তমঞ্চ থেকে র্যালি বের হয়। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবুর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সাবেক ভিপি হারুন অর রশিদসহ দলীয় নেতৃবৃন্দ। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
পরে সকাল ৮টায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ‘তৈয়ব আলী সংগঠন’ জাতীয়, কালো ও শ্রমিক সংগঠনের লাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি তৈয়ব আলী, মোস্তাফিজুর রহমান ও ইদ্রিস আলী। পরে চিনিকল ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা হয়।
একইভাবে ‘সবুজ সংগঠন’ এর পক্ষ থেকেও দিবসটি উদ্যাপন করা হয়। পতাকা উত্তোলন ও র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের কর্তধর ফিরোজ আহমেদ সবুজ, সহ-সভাপতি মফিজুর রহমানসহ অনেকে। এছাড়া দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নও নিজস্ব কর্মসূচিতে দিবসটি পালন করে।
দামুড়হুদা:
দামুড়-দায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে শ্রমিক ইউনিয়ন দামুড়হুদা থানা শাখা। সকাল ১০টায় বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা জহুরুল ইসলাম ড্রাইভার। প্রধান অতিথি ছিলেন দামুড়-দা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম।
সভাটি সঞ্চালনা করেন যুবদল নেতা তারিকুল ইসলাম লিটন। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুস সালাম, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম মণি, সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাবলু ড্রাইভারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জীবননগর:
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে জীবননগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবির, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কমিশনার হযরত আলী সরদার। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী সুমা মিস্তি, সাজু মিস্তি, আনিসুর মিস্তি প্রমুখ।
মেহেরপুর:
আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন। র্যালিটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ‘শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।’ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এদিকে, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে মে দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় কোর্ট এলাকা প-েরঘাট থেকে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। প্রধান অতিথি বলেন, ‘সকল বৈষম্য ভাঙতে হবে, জনগণের ন্যায্য মজুরি, ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে। মহান মে দিবসে এটাই আমাদের অঙ্গীকার।’ সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা কোর্ট রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাথুলি রোডে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও অংশ নেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম খান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ এবং ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।
মুজিবনগর:
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে’, শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার এই প্রতিপাদ্যে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ ম-লের নেতৃত্বে সকালে উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও পলাশ ম-ল। বক্তব্য রাখেন থানার ওসি মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, শ্রমিক নেতা মমতাজ উদ্দিন ও লালন হোসেন প্রমুখ। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী মাইক্রো ও প্রাইভেট মালিক সমিতির সভাপতি মহাবুল হক ও সাধারণ সম্পাদক সামদানীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে মে দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাংনী উপজেলা শাখার সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মকুল। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের গাংনী উপজেলা শাখার আমির ডা. রবিউল ইসলাম ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ মনোনীত নাজমুল হুদা। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে ঝিনাইদহে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়। ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসন, শ্রমিক সংগঠন ও বিভিন্ন সংস্থা নানা কর্মসূচির আয়োজন করেছে। গত বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
এদিকে মে দিবস পালন উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নুরুল আসলাম ও টোকন জোয়ারদারসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। মে দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন শ্রম সংস্থা ও সংগঠনগুলো স্ব স্ব উদ্যোগে বনভোজন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠারে আয়োজন করে।
অপর দিকে, ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। এদিন সকালে পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে র্যালি
শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে শেষ হয়। পরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি হারুন-উর-রশিদ। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, জেলা নায়েবে আমির আব্দুল আলীম, সাবেক সভাপতি ড. মনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা ১৮৮৬ সালের শিকাগো হে মার্কেট আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক দেশের উন্নয়নের পূর্বশর্ত।
মহেশপুর:
‘দুনিয়ার মজদুর এক হও’-এই স্লোগানে মহান মে দিবস উপলক্ষে মহেশপুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম খাঁন চুন্নু ও সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস। আরও বক্তব্য দেন সহসভাপতি তরফদার মাহামুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সোহাগ খান।
উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, যেমন আম শ্রমিক ইউনিয়ন, মিশুক শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়ন ও হাজনাইক প্রটেক্ট ইউনিয়নের নেতারা। বক্তারা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশের শান্তি ও শ্রমিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সর্বজনীন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শ্রমিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
