ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করা, উৎপাদন ও মেয়াদ তারিখে কারচুপি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে আলমডাঙ্গা পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ নিয়ম বহির্ভূত সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করায় শ্রী অমিত সাহার প্রতিষ্ঠান মেসার্স সুরেশ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ৫০ হাজার টাকা ও ৪৫ ধারা অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর শ্রী হারান অধিকারীর প্রতিষ্ঠান মেসার্স অধিকারী মিষ্টান্ন ভা-ার উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স সুরেশ স্টোরকে আগামী একমাসের মধ্যে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।
