ঝিনাইদহে ধানক্ষেতে কৃষকের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-04-29 ইং
ঝিনাইদহে ধানক্ষেতে কৃষকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের একটি ধানখেত থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে গ্রামের নলবিলের মাঠের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং প্রতিদিনের মতো বিকেলে মাঠে কাজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

মোহাম্মদের চাচাতো ভাই শাহাজাহান জানান, সন্ধ্যায় চায়ের দোকানে বসে ছিলাম, এমন সময় ভাবি এসে জানায় মোহাম্মদ ভাই এখনো বাড়ি ফেরেনি। এরপর আমরা তাকে খুঁজতে বের হই। মাঠে গিয়ে দেখি, ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে আছে, জামা-কাপড় ছেঁড়া, শরীরে একাধিক আঘাতের চিহ্ন।

মামাতো ভাই জামাল বলেন, মোহাম্মদ ভাই প্রায়ই মাঠেই থাকেন। রাত পর‌্যন্ত ফেরেন না এমনটা নতুন না। তবে ওই রাতে মাঠে গিয়ে দেখি মন্টু মিয়ার জমিতে তার লাশ পড়ে আছে। ঘাড় ও নাভির ওপরে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল।
প্রতিবেশী কৃষক মান্নান জানান, ‘স্থানীয় কৃষকেরা লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।

মোহাম্মদের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামী বিকেলে মাঠে যায়, তারপর আর ফেরেনি। ওরা আমার স্বামীকে হত্যা করেছে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, কয়েক দিন আগে জমিজমা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই সময় মোহাম্মদ আলীকেও মারধর করা হয়। ধারণা করছি, ওই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি বজ্রপাতে মৃত্যু, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’ এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)