ছবির ক্যাপশন:
মেহেরপুরে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ (উপশী জাত) ফলনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি আউস ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন, জাকারিয়া পারভেজ, রুহুল কুদ্দুস, আশরাফুল আলমসহ সদর উপজেলার উপকারভোগী প্রান্তিক কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ। বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
