ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বিশিষ্টজনদের সঙ্গে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আলমডাঙ্গা রেলস্টেশন পরিদর্শন করেন। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় আলতায়েবা মোড়ে অবস্থিত হ্যামলেট ক্যাফে হাউসে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সভায় শহরের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিকরা অংশ নেন। সভায় ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির গৃহীত কর্মসূচি, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি স্থানীয় নাগরিকদের সমস্যা ও মতামত শুনে সমস্যাগুলো সমাধানে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘দেশ সংস্কারের পূর্বে মানুষের চিন্তাচেতনায় পরিবর্তন আনা জরুরি। দেশের মানুষ সচেতন হলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। উন্নয়নের স্বার্থে মানুষের চিন্তাধারা ও পরিকল্পনায় পরিবর্তন প্রয়োজন, কারণ সঠিক পরিকল্পনা ছাড়া কোনো ভালো কিছু বাস্তবায়ন সম্ভব নয়।’
সভায় উপস্থিত অতিথিরা নানা প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার আব্বাস ইসলাম নোমান এবং চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা শাখার আহ্বায়ক রাকিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মাওলানা শাফায়েতুল ইসলাম হিরো, মুফতি মাওলানা এমদাদুল হক, নওলামারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, প্রভাষক তসলিম উদ্দিন, শাহিন সাহিদ, পান্না চৌধুরী, মুসাব তাওহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
