আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় আনুরা খাতুন নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গার প্রাগপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা গেছে, নিহত আনুরা খাতুন (৩০) মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের আফেজ উদ্দীনের মেয়ে। নিহতের ভাই হামিদুল জানান, আনুরার স্বামী খোরশেদ বেশকয়েক বছর আগে তার বোনকে তালাক দেয়। তার ১০ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। গত বুধবার তার বোন-ভগ্নিপতি আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের মহর মালিথার ছেলে মজনুর বাড়ীতে অসুস্থ অবস্থায় বেড়াতে যায় সে। গতকাল বেলা ১১টার দিকে সে সকলের অলক্ষে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
