ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল সোমবার বিকেল চারটার দিকে তিনি এই পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরে তিনি হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি বিভিন্ন শ্রেণি ও পেশাজীবীদের উদ্দেশ্য বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি, প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসংগতি দূর করতে ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন।
তিনি বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তম পুলিশি সেবা দিয়ে তা দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। জনগণের সাথে মিলেমিশে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় ও প্রতিজ্ঞ। পুলিশ সুপার বলেন, ‘হাটবোয়ালিয়াতে এই প্রথম আসলাম। আমি চাই হাটবোয়ালিয়া বাজার একটি সুন্দর বাজারে পরিণত করতে। বাজারটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।’ এসময় তিনি বাজারের ল্যাম্পপোস্টের কাজ, হাটবোয়ালিয়া পুলিশ শপিং কমপ্লেক্সের কাইচিগেট লাগানোসহ সার্বিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদা, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুজ্জামান লাকি, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক সাইফুল হুদা সোহেল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সাংবাদিক মুর্শিদ কলিন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিক সেলিম রেজা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ প্রমুখ।
