ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার ভালাইপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকানগুলো তদারকি করা হয়। তদারকির সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অনিয়মিতভাবে সংরক্ষণের দায়ে মনিরুল হকের মালিকানাধীন মনির ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান রোকেয়া ডেন্টাল কেয়ারকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

সহকারী পরিচালক মামুনুর রহমান বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত পণ্য বিক্রি, ক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, ওষুধ ও খাদ্যসামগ্রী বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।’ অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন, জেলা ওষুধ প্রশাসনের পরিদর্শক তাহমিদ জামিল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং পুলিশের একটি দল।
