ছবির ক্যাপশন:
দেশব্যাপী চলমান গণসংযোগ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ মাগরিব দর্শনা বাসস্ট্যান্ডে ইসলামী পাঠাগার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর জামায়াতের আমির মো. সাহিকুল আলম অপুর সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মো. শাহরিয়ার হোসেন দবিরের উপস্থাপনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, জামায়াতের দর্শনা থানা আমির মাওলানা মো. রেজাউল করিম, মাজলিসুল মুফাচ্ছিরিনের সাবেক জেলা সভাপতি মাওলানা আবু জার গিফারী, সাবেক পৌর আমির গোলজার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের দর্শনা পৌর সভাপতি লোকমান হোসেন হৃদয় প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন দর্শনা সাংগঠনিক থানার সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথি জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আল্লাহ যদি জামায়াতকে সুযোগ দেন, তবে আমরা আপনাদের হক যথাযথভাবে প্রকৃত প্রাপকের কাছে পৌঁছে দেব। বিগত দিনে আমরা দেখেছি নেতারা হকদারদের টিউবওয়েলগুলো পর্যন্ত তাদের না দিয়ে নিজের বাড়ি নিয়ে গেছে। স্বামী বেঁচে থাকতে স্ত্রীকে বিধবা দেখিয়ে বিধবাভাতা দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে এগুলো হবে না গ্যারান্টি দিতে পারি।’
তিনি আরও বলেন, সরকারি বীজ, সার প্রকৃত চাষিকে দেওয়া হবে। বাড়ি নিয়ে চিড়ে কুটে খাবো না। আমরা কে কোন দল করে তা না দেখে বরং সবার কাছে ইসলামের দাওয়াত দিতে চাই, কারণ তারাও মানুষ এবং রাসুলের উম্মাত। তারা যদি আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসে, খাঁটি মুসলমান হবার সংকল্প করে এবং সঙ্ঘবদ্ধভাবে দ্বীন কায়েমের জন্য একত্রিত হয় তবে তাদেরকে আমরা বুকে টেনে নেব। তিনি দৃঢ়তার সাথে বলেন আগামী নির্বাচন জামায়াতের নিজস্ব ব্যানার এবং দাঁড়িপাল্লা প্রতীক না পাওয়া পর্যন্ত হবে না ইনশাল্লাহ।
