ছবির ক্যাপশন:
জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহে ছোট ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে সদর উপজেলার মহারাজপুর গ্রামে। অভিযুক্তরা বাড়ির সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর গ্রামের কাপড় ব্যবসায়ী এনামুল হক দীর্ঘদিন বিদেশে ছিলেন। তিনি অভিযোগ করেন, পারিবারিক সূত্রে পাওয়া তার ৩৮ শতক জমি কৌশলে অন্য ভাইয়েরা নিজের নামে রেজিস্ট্রি করে নেন এবং দীর্ঘদিন দখলে রাখেন। দেশে ফিরে জমি ফেরত চাইলে তারা নানা তালবাহানা করতে থাকেন। জমি ফেরতের জন্য চাপ দিলে হুমকিও দেন। গতকাল রোববার সকালে ছোট ভাই মুস্তাক, তক্কেল হোসেন, মোফাজ্জেল ও তোজাম্মেলসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের মারধর করে ঘরে থাকা জমি বিক্রির ৭ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মুস্তাক আহমেদ বলেন, ‘আমরা কিছু করিনি, উল্টো এনামুলই আমাদের মারধর করেছে।’ এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
