ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সুজায়েতপুর গ্রামে তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহিউদ্দিন মেম্বারের পুকুরে মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া স্থানীয় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন মহিউদ্দিন।
তিনি বলেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী জীবননগর উপজেলার পাকা গ্রামের প্রায় ৩০-৪০ জনের একটি দল তার পুকুরে জাল নিয়ে নেমে পড়ে এবং মাছ ধরে নিয়ে যায়। এছাড়া এ ঘটনায় কয়েকজন নারী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পাকা গ্রামের লোকজন মাঝেমধ্যে এসে তার পকুরের মাছ ধরে নিয়ে যায়। বাধা দিলে তারা হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। আজও কথিত বিএনপি নেতৃবৃন্দ প্রায় ৪ গাড়ি করে মাছ নিয়ে গেছে, যার বাজারমূল্য পাঁচ লাখ টাকারও বেশি।’
তিনি সাংবাদিকদের জানান, এর আগেও একই ধরনের হামলার ঘটনায় জীবননগর থানায় ১৩ জনের নামে অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু তারা তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামসুর রহমান বলেন, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে আমরা পৌঁছানোর আগেই অভিযুক্তরা এলাকা ত্যাগ করে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
