ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার জিস টাওয়ারে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক শফিউল আলম বকুল।
শিবিরে প্রধান অতিথি ছিলেন অঞ্চল টিম সদস্য এ কে এম আলী মহসিন। তিনি বলেন, ‘সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে বিভিন্ন সময়ে কর্মসূচি নির্ধারণ করতে হবে। সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘২০০১ সালের পর থেকে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। শেখ হাসিনা দিনের ভোট রাতে সম্পন্ন করেছেন। যদি দিনের ভোট হতো, তবে তাকে অনেক আগেই দেশ ছাড়তে হতো।’ তিনি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ-সেক্রেটারি মাসুদ পারভেজ রাশেদ, জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি ও ছাত্রনেতা শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু, এবং কর্মপরিষদ সদস্য ও নাগদাহ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান দারুসসালাম।
শিবির পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা এবং সহকারী সেক্রেটারি বিলাল হোসেন। এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির মায়ের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন প্রমুখ।
