ছবির ক্যাপশন:
৬ দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শতাধিক শিক্ষার্থী গতকাল শুক্রবার বিকেলে বৃষ্টির মধ্যেও ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশ নেয় ৭ম সেমিস্টারের নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আক্তার তুষার, তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপু প্রমুখ।
পরে সন্ধ্যায় তারা ঘোষণা দেয়, পরদিন থেকে রেলপথ অবরোধ করবে। সরকারের আশ্বাসে কর্মসূচি সাময়িক শিথিল হলেও ফলাফল না আসায় এবার কাফনের কাপড় পরে আন্দোলনের ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। উল্লেখ্য, ছয় দফা দাবিতে দেশব্যাপী দেড় মাস ধরে আন্দোলন করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু হয়।
