ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ‘ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং’ প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা শিখি, আমরা শেখাই; শিক্ষা নিয়ে জীবন সাজাই’ এই স্লোগানে গতকাল বুধবার চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠ ও ঝিনুক বিদ্যাপিঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
চুয়াডাঙ্গা সদরের বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ারা খুশির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রথমেই ছিল অতিথিদের আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা জানানো। পবিত্র কুরআন তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. ওয়াহিদ এবং গীতা পাঠ করেন আলমডাঙ্গার এরশাদপুর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমা সাহা। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নয়ন কুমার রাজবংশী, কমলাপুর পিটিআই-এর ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট মফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এটম, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দীন এবং সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম সুলতান, জিএম কামাল হোসেন, রফিকুল ইসলাম, মহিউদ্দিন ও সদর ইউআরসি ইন্সট্রাক্টর আনারুল ইসলাম। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা-এই চার উপজেলার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
