ছবির ক্যাপশন:
থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশি সেবা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম (ছজঞ)। পুলিশের প্রতিক্রিয়া সময় কমিয়ে আইনগত সেবা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জেলার পাঁচটি থানার ছজঞ দলের কাছে মোটরসাইকেল হস্তান্তর করেন। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই টিমের সদস্যরা তাৎক্ষণিক অভিযোগ, জিডি কিংবা কোনো ঘটনার প্রেক্ষিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি সহায়তা প্রদান করবেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, হয়রানি বা সহিংসতার ঘটনায় কুইক রেসপন্স টিম দ্রুততম সময়ে পৌঁছে উদ্ধার, আইনি সহায়তা ও মনো-সামাজিক সহায়তা প্রদান করবে। এছাড়া প্রতিদিনের কার্যক্রম নির্দিষ্ট ছকে পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ঘটনার কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না, তা তদারকি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কুইক রেসপন্স টিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু ও মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাসসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।
