ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হওয়া দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বিজিবির কাছে হস্তান্তর করেছে। গতকাল রোববার বেলা ১টা থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত মাটিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৫৩ এর সন্নিকটে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন রণঘাট কোম্পানির কমান্ডার এসি অভিষেক কুমার।

বিএসএফ জানায়, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তারা দুই বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)। বিএসএফের আহ্বানে বিজিবি পতাকা বৈঠকে অংশ নিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই শেষে আটক দুই বাংলাদেশিকে গ্রহণ করে। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয় এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা অবহত রাখার অঙ্গীকার করে। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত অরিন্দম বিশ্বাসকে অভিভাবকের জিম্মায় এবং তীর্থ বিশ্বাসকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনা নিয়ে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বিজিবি।
