ছবির ক্যাপশন:
দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রতিষ্ঠার ৭১ বছর পর এবার প্রথম সরাসরি অভিভাবকদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯৫৭ সালে মাদ্রাসা প্রতিষ্ঠা পাওয়ার পর এই প্রথম মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য ভোটে নির্বাচিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই গভর্নিং বডি গঠনের লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ ও তফশিল ঘোষণা হয়েছে। আগামী ৮ মঙ্গলবার অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি শুরু করেছে। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইবতেদায়ী-দাখিল পর্যায়ের একজন, আলিম পর্যায়ের একজন এবং ফাজিল পর্যায়ের একজন অভিভাবক সদস্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। ইতিমধ্যেই নির্বাচনে লড়াইয়ের জন্য ৩টি ক্যাটাগরিতে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন- ইবতেদায়ী-দাখিল বিভাগে দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী ও বাজারের পরিচিত মুখ মো. মনির হোসেন মুকুল (আম প্রতীক) ও দর্শনা পৌরসভার অফিস সহায়ক মো. মিজানুর রহমান (মাছ প্রতীক)। আলিম বিভাগে প্রার্থী হয়েছেন দর্শনার বিশিষ্ট আলেম ও শ্যামপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. শাহ আলম (গোলাপ ফুল প্রতীক) ও আকন্দবাড়ীয়া গ্রামের মো. কামাল উদ্দীন (হরিণ প্রতীক)। ফাজিল (ডিগ্রি) পর্যায়ে নির্বাচনী মাঠে নেমেছেন দামুড়হুদার বিশিষ্ট আলেম ও জয়রামপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শহিদুল ইসলাম (সাইকেল প্রতীক) ও দামুড়হুদার গোবিন্দপুর গ্রামের মো. মকলেছুর রহমান (ছাতা প্রতীক)।
অভিভাবক নির্বাচনে ৩টি ক্যাটাগরিতে প্রায় ৫৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এর মধ্যে ইবতেদায়ী/দাখিল পর্যায়ে ৪২০ জন ভোটার, আলিম পর্যায়ে ৮৬ জন ভোটার এবং ফাজিল পর্যায়ে ৫৮ জন ভোটার রয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। উক্ত গর্ভনিং বডির অন্যান্য সদস্য নির্বাচন বিধি মোতাবেক চলমান রয়েছে বলে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা শফি উদ্দীন জানিয়েছেন।
