মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসারকে শোকজ

আপলোড তারিখঃ 2025-03-28 ইং
মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসারকে শোকজ ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশ জারি করা হয়। নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা সমালোচনা শুরু হয়। অনেকে কাওসার আলীর পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করেন।
নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন, যা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১০ দিনের মধ্যে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এদিকে, মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী সিন্ডিকেট করে যুবদলকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছেন। তিনি দলীয় পদ দেওয়ার নামে কিছু ব্যক্তিকে প্রলোভন দেখাচ্ছেন, অথচ তারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না। আমরা যারা মাঠে আন্দোলন করেছি, তারা হামলা-মামলার শিকার হয়েছি।’ তিনি আরও বলেন, ‘কাওসার আলী জেলা সভাপতির সম্মতি ছাড়া স্বার্থসিদ্ধির জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। এটি সংগঠনের নীতিমালা লঙ্ঘন। নোটিশ সরাসরি দেওয়ার পরিবর্তে তিনি এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন, যা অনৈতিক।’
অপর দিকে, যুবদলের কেন্দ্রীয় ফেসবুক পেজে নোটিশ পোস্ট করার পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। এক মন্তব্যে আরিফুল ইসলাম রবিউল বলেন, ‘কাওসার আলী একজন সাধারণ কর্মী হওয়ার যোগ্যতাও রাখেন না, অথচ তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।’ অন্যদিকে, বখতিয়ার হোসেন তার পক্ষে মতামত দিলেও ইনজামামুল হক মিলন প্রশ্ন তোলেন, তিনি দলের জন্য কী অবদান রেখেছেন, তার সুনির্দিষ্ট প্রমাণ কোথায়?
জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘দপ্তর সম্পাদক হাবিবুর রহমান দায়িত্বশীল নেতা। তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কাওসার আলীর বিষয়ে মন্তব্য করেছেন। সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়নি।’ জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)