ছবির ক্যাপশন:
মরদেহ দাফনের আড়াই মাস পর বাড়ি ফিরেছে তোফাজ্জল হোসেন তুফান (১৫) নামে এক কিশোর। স্থানীয়রা বিষয়টিকে অলৌকিক বললেও সন্তানকে পেয়ে আবেগে আপ্লুত ছেলেটির বাবা-মা। গতকাল শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে তুফান। ওই কিশোরের বাবার নাম আবু সাঈদ। তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী।
তুফানের বাবা আবু সাঈদ জানান, প্রায় ৩ মাস আগে তুফান বাড়ির কাউকে কিছু না বলে অজানা উদ্দেশে চলে যায়। আড়াই মাস আগে সংবাদ পান গাইবান্ধায় এক কিশোর সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ওই কিশোরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুফানের বাবাসহ গ্রামের কয়েকজন মিলে গাইবান্ধায় যান। মরদেহের সঙ্গে সবাই তুফানের চেহারার মিল পান। সেখানে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ আলমডাঙ্গায় গ্রামের বাড়িতে নেয়া হয়। বৈদ্যনাথপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
সাঈদ আরও জানান, তুফানের মা সে সময় দাবি করেছিলেন মরদেহটি তার সন্তানের নয়। চেহারায় মিল থাকলেও সেটি তুফানের মরদেহ নয়। তুফানের কোমরে কালো রঙের একটি দাগ ছিল। কিন্তু মরদেহের কোমরে সেই দাগ না থাকায় তার মা সন্তান তার নয় বলে জানিয়েছিলেন।
তুফান জানায়, পরিবারের কাউকে না জানিয়ে সে একাই কাজের সন্ধানে ঢাকার শ্যামলী এলাকায় চলে যায়। সেখানে দিনমজুরের কাজ করতে থাকে। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে ফিরে এসেছে সে। এরপর জানতে পারে তার মতো চেহারার একজনকে পরিবারের লোকজন মৃত ভেবে দাফন করেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। ছেলেটি জীবিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছে শুক্রবার সকালে।’
