ছবির ক্যাপশন:
জীবননগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর উত্তরপাড়ার আব্দুল জলিলের ছেলে সোহাগ হোসেন (৩২) একই গ্রামের জামাত আলীর ছেলে বাপ্পি হোসেনের (৩০) কাছে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাপ্পি কোমরে থাকা ছুরি বের করে সোহাগের দুই পায়ের হাঁটুর নিচে ও ডান কাঁধে এলোপাতাড়ি কোপ মারে। এতে সোহাগ রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা এগিয়ে এলে বাপ্পি পালিয়ে যান। আহত সোহাগকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
