ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ঈদের পোশাক কিনতে এসে প্রাণ হারানো বিপুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার ছয়মাইল বাড়ুইপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এই দুর্ঘটনায় আহত তার ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় রয়েছে। গতকাল নিহত বিপুলের মামাতো ভাই জাণ্টু এসব তথ্য জানান।
জাণ্টু বলেন, ‘বিপ্লবের একবার চেতনা ফিরেছিল, এসময় সে তার ছোট ভাই কেমন আছে জানতে চাই। বিপ্লব ও ওয়াশিম দুজনকেই হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের দুজনের অবস্থা শঙ্কটাপন্ন। তাদের বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাবে না।’
উল্লেখ্য, গত বুধবার রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের মুন্না মোড়ে মোটরসাইকেল ও ইজিবাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর জখম হয়ে বিপুল হোসেন (১৮) নিহত হন। গুরুতর জখম হন বিপুলের বড় ভাই বিপ্লব হোসেন (২০), বন্ধু ওয়াশিমসহ (২১) ইজিবাইক চালক ওহিমদ্দি বিশ্বাস (৪৫), দুই যাত্রী সিহাব (১৯) ও রাবেয়া খাতুন (৪৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন পরীক্ষা-নিরীক্ষা করে বিপুলকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে নয়টার দিকে বিপ্লব হোসেন ও ওয়াশিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।
