ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলায় হোমিও চিকিৎসকের চেম্বার থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এসময় অভিযুক্ত চিকিৎসককে আটক করা হয়। আটককৃত হোমিও চিকিৎসক নিলুফার ইয়াসমিন উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে। দীর্ঘদিন ধরে চিকিৎসার আড়ালে অ্যালকোহল বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে যৌথ বাহিনীর মাদক বিরোধী ট্রাস্কফোর্সের অভিযানে ১ হাজার ১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা। অভিযানটির নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
অভিযান সূত্রে জানা যায়, গাংনী বাজারের জেলা পরিষদ মার্কেটের ‘হাফিজ হোমিও হল’ থেকে অ্যালকোহল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে নিলুফার ইয়াসমিনের দেওয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ির রান্নাঘর ও পরিত্যক্ত খড়ির ঘর থেকে আরও বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, আটককৃত নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হবে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের সার্জেন্ট ফারুক হোসেন এবং গাংনী থানার একটি টিম উপস্থিত ছিলেন।
