ছবির ক্যাপশন:
জীবননগরে নগদ কোম্পানির ডিএসও এজেন্টের কাছ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া টাকার মধ্যে ২৪ হাজার ৭৪৯ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায়, নগদ কোম্পানির ডিএসও এজেন্ট রাব্বী হোসেন গত শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এজেন্টের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা সংগ্রহ করেন। টাকা নিয়ে মোটরসাইকেলে করে জীবননগর শহরের উদ্দেশে রওনা হলে সীমান্ত ইউনিয়নের কয়া-বেনীপুর সংযোগ সড়কে তিনজন ছিনতাইকারী তাকে আটকে লাঠি দিয়ে মারধর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।
এসময় প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ছিনতাইকারীদের চিনতে পারেন এবং টাকা উদ্ধারে সহায়তা করার আশ্বাস দেন। ঘটনার পরপরই জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং গত রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার কয়া গ্রামের মাহাজেল ঢালির ছেলে আসিফ ঢালী (২৪), কালাম মল্লিকের ছেলে লাল্টু (৩২) ও শহিদুল ইসলামের ছেলে মিলনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে ২৪ হাজার ৭৪৯ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার পরপরই আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতেও ছিনতাইয়ের ঘটনা স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছে।’
স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা অত্যন্ত ভয়ঙ্কর ও দুর্ধর্ষ হিসেবে পরিচিত ছিল। পুলিশের তৎপরতায় তাদের গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত অভিযানের জন্য পুলিশের প্রশংসা করেছেন।
