ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার মুক্তিপাড়ায় প্রতিবেশীর প্রাচীর ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিঠু (৫৫) ও জেমস (৬০) নামের দুই ভাইয়ের বিরুদ্ধে। গত সোমবার দিবাগত রাতে তারা ওই প্রাচীর ভেঙে ইট নিয়ে যায় বলে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুক্তিপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান। অভিযুক্ত মিঠু (৫৫) ও জেমস (৬০) মুক্তিপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, মেহেদী হাসানের বসতবাড়ির জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে মিঠু ও জেমস তাদের প্রাচীর ভেঙে ইট নিয়ে যান। অভিযোগকারী মেহেদী হাসান আরও জানান, তাদের বাড়ির সীমানা প্রাচীরের পাশে মিঠু ও জেমসের প্রায় ১ ফুট জমি রয়েছে। ওই ১ ফুট জমি দখল করে এবং তাদের বসতবাড়ির জায়গা নিয়ে তারা রাস্তা নির্মাণের চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকিও দিচ্ছে। গত সোমবার দিবাগত রাতে তারা প্রাচীর ভেঙে ইট নিয়ে যান। পরে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি সদর থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রতিবেশীর প্রাচীর ভাঙার বিষয়ে একটি জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
