ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় আলমডাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনারে সাংগঠনিক কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখা। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা কমিটির সকলের পরিচয় তুলে ধরেন কমিটির সহকারী মুখপাত্র মো. সাদী হাসান। পরিচয় পর্ব শেষে এই কমিটির অ্যাজেন্ডা নিয়ে বক্তব্য দেন মুখপাত্র তাসনীম ফাতেমা রজনী, মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম ইমন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব শাকিব মাহমুদ সৈকত, সদস্যসচিব মো. আরাফাত রহমান ও আহ্বায়ক রাকিব মাহমুদ।
সাংবাদিক সম্মেলনে আহ্বায়ক রাকিব মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের স্প্রিটকে ধারণ করে আলমডাঙ্গায় এই কমিটি সবসময় নিপীড়িত ও মজলুমের পাশে থাকবে। জনগণের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও অধিকার আদায়ে সর্বদা জনমানুষের পাশে থেকে কাজ করবে। এছাড়াও নগর ও পল্লী উন্নয়নের অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, খেলাধুলা এবং নারী-শিশু উন্নয়নে আলমডাঙ্গাকে আমরা দৃশ্যমান কাজ উপহার দিতে চায়।
সদস্যসচিব আরাফাত রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া আপামর জনসাধারণের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটি ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সমাজের সকল মানুষদের সাথে নিয়ে কাজ করে যাবে। প্রতিটি মহল্লায় মহল্লায় আমরা সুষ্ঠু ধারার খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করব এবং সকল ধরনের স্বেচ্ছাসেবার মাধ্যমে আমরা জনগণের সেবা করব। সবশেষে তারা উপস্থিত সকল সাংবাদিক ও সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
