শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালাল ঠেকাতে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। গত আইন-শৃঙ্খলার মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সুপারিশে পুলিশ সুপার এ সিদ্ধান্ত নেন। এখন থেকে হাসপাতালে প্রতিদিন দায়িত্ব পালন করবে পুলিশ। গতকাল সোমবার থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালাল ঠেকাতে ও আইন শৃঙ্খলার বিভিন্ন অনিয়ম রুখতে দায়িত্ব পালন করছে দুই জন পুলিশ সদস্য। ধারবাহিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দায়িত্বে থাকবে ২ জন করে পুলিশ। চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. দীলিপ কুমার রায় দায়িত্ব গ্রহন করার পর থেকে হাসপাতালে বিভিন্ন অনিয়ম দেখতে পান। তার মধ্যে দালাল ও শৃঙ্খলা মুখ্য হয়ে উঠে। সাধারণ জনসাধারন বা চিকিৎসা নিতে আসা রোগীদের কথা লক্ষ রেখে সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় গত আইন শৃঙ্খলা মিটিং এ উপস্থাপন করেন। চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম বিষয়টি স্বাগত জানিয়ে প্রতিদিন ২ জন পুলিশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নবাগত আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, এ বিষয়টা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেক ভোগান্তি দূর করবে। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগন।
