সংস্কারের অজুহাতে জনগণের ভোটাধিকার বিলম্বিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিসেস মুর্শিদা জামান বেল্টু। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’
গতকাল মঙ্গলবার ঝিনাইদহের ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘গত বছর এই মাহফিলে আমার স্বামী এম শহিদুজ্জামান বেল্টু ছিলেন, কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। তার আদর্শ ধরে রেখে আমাদের রাজনীতি করতে হবে। যারা আওয়ামী লীগকে নিয়ে বিএনপির রাজনীতি করছেন, তারাও সাবধান হয়ে যান। অচিরেই আপনাদের মুখোশ উন্মোচিত হবে।’
ইফতার মাহফিলটি প্রয়াত সংসদ সদস্য এম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবন, আশরাফ হোসেন স্বপন, থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, পৌর বিএনপি নেতা আকরাম হোসেন ও যুব নেতা গোলাম মর্তুজা জিকে প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহমেদ। দোয়া ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, প্রয়াত সাংসদসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
