ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৬টি সোনার বারসহ রাজ রকি (৩২) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্ত জীবননগর থানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজ রকি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সদস্যরা রাজ রকি নার্মে এক যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তিনি প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তাকে মলত্যাগ করানো হলে তার মলদ্বার থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পোটলা বের হয়ে আসে। ওই পোটলা দুটি খোলা হলে ৭২৮.৯৬ গ্রাম ওজনের ৬টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিকক বাজার মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত সোনার বারসমূহ চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
