ছবির ক্যাপশন:
দামুড়হুদা সদর উপজেলার দেউলী গ্রামের সরকারি ড্রেন ভেঙে দেয়ায় গ্রামের মানুষের ব্যবহৃত পানি জমে পরিবেশ নষ্ট হচ্ছে। তাই পুনরায় ড্রেনটি চালুর দাবিতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল রোববার সকাল ১০টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে দামুড়হুদা ইউনিয়নের অধীনে দেউলী গ্রামের বড় মসজিদ পাড়ার স্থায়ী বাসিন্দা মো. আলারদ্দীন (৬০) ও মো. আরিফের (৩৫) বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, তারা দুজন সরকারি পাকা ড্রেন বন্ধ করে ও একটি বটগাছের চারপাশে মানুষের বসার জন্য সরকারি গোল চত্বরটি ভেঙে ইট দিয়ে দোকান ঘর নির্মাণ করেছে। এ কাজে তাদরে বাধা দিয়েও কোনো লাভ হয়নি। উল্টো তারা হুমকি দিচ্ছে, মারমুখী আচরণ করছে।
এ ঘটনায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর গত ১৩ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদীদ্বয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং পানি নিষ্কাশনের ড্রেনটি সচল করে দেন। গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে ৩ জন সার্ভেয়ার এসে সরকারি জমি মাপজোখ করেন। তবে বিবাদীদ্বয়ের সুবিধামতো না হওয়ায় তারা সার্ভেয়ারদের সাথে খারাপ আচরণ করে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেয় এবং পুনরায় বিবাদীদ্বয় পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ করে দেয়।
পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট মৌখিকভাবে জানানোর পরও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় পুনরায় ড্রেনটি চালু করার জন্য চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হচ্ছে।
