ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৃথক আয়োজনে স্থানীয় মসজিদ, কমিউনিটি সেন্টার এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণির মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা:
ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মাসিক মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল চারটায় চুয়াডাঙ্গা আইএবি মিলনায়তনে জেলা শাখার সভাপতি মীর শফিউল ইসলামের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি প্রকৌশলী তুষার ইমরান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফাহিম ফয়সাল, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন। এছাড়া বক্তব্য দেন থানা শাখার সভাপতিগণ। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চুয়াডাঙ্গা জেলা শাখার ছদর মুফতি রশীদ আহমাদ।

প্রধান অতিথি তুষার ইমরান সরকার তার বক্তব্যে বলেন, ‘৫৪ বছর হয়ে গেলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেলেও বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা-কোনো অধিকারই এদেশের সর্বশ্রেণির মানুষ ভোগ করতে পারেনি। কারণ, এদেশে এযাবত যারা শাসন করেছে, তারা শাসনের নামে শোষণ করেছে, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, লুটপাট করে দেশের সম্পদ ধ্বংস করেছে। ভোট ডাকাতি করে, দিনের ভোট রাতে করে জোর করে ক্ষমতার চেয়ার দখল করেছে। মাদার গাছ লাগিয়ে কখনো আমের আশা করা যায় না। ঠিক ঐ পরীক্ষিত দুর্নীতিবাজ শক্তিতে বারবার পালাবদল করে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে এদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কেবলমাত্র ইসলামী শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলেই এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে জান, মাল দিয়ে কাজ করতে হবে। পীর সাহেব চরমোনাই তার সংগঠনের মাধ্যমে ইসলামী প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। কাজেই সকলকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন।’ গতকাল ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি তাসনিম কাওছার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান।
এদিকে, চুয়াডাঙ্গা নতুন বাজার পৌর মার্কেটের ছাদে দোয়া ও ইফতার মাহফিল করেছে পৌর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি ইন্তেয়ার হোসেন ইরনের সভাপতিত্বে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় এ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন জোরদ্দার, পৌর যুবদলের সদস্য হাবিবুর রহমান স্কয়ার, যুবদলের সদস্য তৌফিকুল ইসলাম বাপ্পী, জেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য খালিদ খান, মাসুদ রানা শুভ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, সহসাংগঠনিক সম্পাদক ইকরা, জুরন আলী, ঝণ্টু, সোহেল, নাজমুল, আব্দুল লতিফ, সাইদুর, কামাল, রাজু, বাবু, রাজন, রায়হান, হাবিব, আরজু, সাদিক, মাফুজ, জুবরাজ, মেহেরাবসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ সোহানুর রহমান সোহান।

অপর দিকে, বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জামিউল উলুম মাদরাসায় এর আয়োজন করা হয়। মাদরাসার আবাসিক কোমলমতি শিক্ষার্থীদের সাথে শুভসংঘের বন্ধুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাড. বদর উদ্দিনের আমন্ত্রণে শিক্ষার্থীরা ছাড়াও এলাকার মুসল্লিরা এই ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মুফতি আমানুল্লাহ।
অ্যাড. বদর উদ্দিন বলেন, ‘আমরা অনেকেই আমাদের পিতা মাতা ও নিকটজনদের হারিয়েছি। তাদের জন্য আমরা ইফতার মাহফিলে বসে দোয়া করেছি। আমাদের নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করেছি। মহান রাব্বুল আলআমিন নিশ্চয় আমাদের ক্ষমা করবেন।’ তিনি বলেন, ‘আমরা আমাদের বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মানবতার জন্যও কাজ করে যাবো। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবো।’ এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মানিক আকবর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জামান আখতার, বসুন্ধরা শুভসংঘের সদস্য শেখ লিটন, ঈশান সাদমান, আনসার আলী, মাসুম উদ্দিন, মোতাহার আলী জোয়ার্দ্দার প্রমুখ।

মেসার্স দিপু এন্টারপ্রাইজের মিট আপ:
এসিআই মটরসের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান মেসার্স দিপু এন্টারপ্রাইজ ইয়ামাহা বাইক শোরুমের আয়োজনে দোয়া ও ইফতার মিট আপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা শহরের তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসে এ আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মিট আপে মেসার্স দিপু এন্টারপ্রাইজের চেয়ারম্যান ডা. শামসুর রশিদ দিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিএডিসির (বীজ) যুগ্ম পরিচালক এ এফ এম শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান, পুলিশ পরিদর্শক হোসেন আলী, সাংবাদিক শাহ আলম সনি, মাহফুজ মামুন, সাইফ জাহান ও মেহেরাব্বিন সানভী।
এছাড়াও এসিআই মটরসের সিনিয়র মার্কেটিং অফিসার এজাজ আহমেদ পাভেল, দিপু এন্টারপ্রাইজের ম্যানেজার আল মাহমুদ হাসান, ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন অর্ণব বাবুসহ বাইকপ্রেমী রাইডার্স, শোরুমটির ক্রেতা ও শুভাকাক্সক্ষীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গার কালিদাসপুরে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিদাসপুর গ্রামের উদ্যোগে কালিদাসপুর পুরাতন জামে মসজিদে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আলমডাঙ্গা পৌর শাখার নায়েবে আমির মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন শাখার আমির আসাদুল হক। কালিদাসপুর ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি বেলাল হোসেনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু করা হয়। উক্ত সভাটি সঞ্চালনা করেন ১ নম্বর ইউনিট সভাপতি হারুন অর রশিদ। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, ‘রোজার মধ্যদিয়ে আমরা যে তাকওয়া অর্জন করছি তা যেন আমরা আমাদের বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারি।’
এদিকে, আলমডাঙ্গা ৮৬ বন্ধু ক্লাব ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ৮৬ বন্ধু ক্লাবের সহ-সভাপতি সহকারি অধ্যাপক মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সরকারি প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। সাইদুল ইসলামের উপস্থাপনায় আরও বক্তব রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, হাবিবুল করিম চঞ্চল, সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, রহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া আলমডাঙ্গা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্যোগে আলমডাঙ্গা হেমলেট ক্যাফেতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংস্থার সভাপতি সাংবাদিক আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সাবেক স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাক্তার লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মানোয়ার মাস্টার, সেক্রেটারি খায়রুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সচিব হারুন-অর-রশীদ, নারী ও শিশু বিষয়ক সচিব সুরভী খাতুন, জান্নাতুল ফেরদৌস ঊষা, মাদক নিরাময় বিষয়ক সচিব সাদ্দাম হোসেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সহকারি অধ্যাপক আসিফ জাহান।
জীবননগর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জীবননগর মাধ্যমিক বিদ্যারয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর জামাতের আমির ফিরোজ হোসেনের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার তারাবিয়্যাত সেক্রেটারি জিয়াউল হক, জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার আমির মাওলানা সাজেদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী জীবননগর উপজেলা শাখার সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মো.সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর পৌর শাখার সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল।
আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে আলহাজ্ব সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ আয়োজন করা হয়। আলহাজ্ব সংগঠন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি বিশারত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হযরত মাওলানা শরীফুল ইসলাম, আলহাজ্ব সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোল্লা শরিফুল ইসলাম শরিফ, কোষাধ্যক্ষ হাজী আশাদুর রহমান আশা ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আলহাজ্ব সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও রোজাদাররা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতারের আগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফি।
একই সময়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারদাপাড়া গ্রামবাসীর উদ্যোগে মীরপাড়া-হারদাপাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর এবং সাধারণ সম্পাদক শেখ সামাদুল ইসলাম। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা নুরুজ্জামান।
মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি'র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়নের বিএনপি'র আয়োজনে বামনপাড়া মোড়ের এ সম্মেলন ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। সম্মেলন ও ইফতার মাহফিল মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব মেহেরপুর জেলা বিএনপির হাতে অর্পিত করেছেন, ইনশাল্লাহ স্বচ্ছতার সাথে সকল দায়িত্ব পালন করব।’ তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সফলতা আসবে।’
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মীর ফারুক, ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি এস.এ খান শিল্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, সাব্বির, মীর মারুফ, আশরাফপুর বিএনপির নেতা ইলিয়াস হোসেন, জমিরুল ইসলাম, আব্দুল্লাহ প্রমুখ।

এছাড়া, আমদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি'র সম্মেলন নতুন কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি মীর আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আনসার আলী এবং ৫ নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটির সভাপতি মহাসিন আলী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নির্বাচিত হন।
সম্মেলন ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন। দোয়া পরিচালনা করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতু।
