ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৩/এমপি-এর কাছে দুই দেশের বাহিনীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি, স্টাফ অফিসারসহ ১০ সদস্য এবং বিএসএফের পক্ষে ৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈলেশ কুমার, স্টাফ অফিসারসহ ১০ সদস্য অংশ নেন।
বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুই দেশের বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত হত্যা রোধ, মানবপাচার প্রতিরোধ ও মাদক চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে দুই বাহিনীর কর্মকর্তারা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় আড়াই কিলোমিটার এলাকা পরিদর্শন করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতের মাধ্যমে ভবিষ্যতেও দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। গতকাল রাতে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
