ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
মোহাম্মদ মামুনুল হাসান জানান, গতকাল আলমডাঙ্গায় হোটেল, ফল, ওষুধ ও কাপড়ের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি, ন্যায্যমূল্যে কাপড় ও পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য-তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযপনে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার কারণে মো. কামরুজ্জামানের প্রতিষ্ঠান মেসার্স পান্না ট্রেডিংকে ১০ হাজার টাকা ও মো. বিল্লাল হোসেনের প্রতিষ্ঠান মেসার্স বিল্লাল ক্লথ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দুটিকে দ্রুত লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল।
