ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত শাহীন আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু তাকে এই কারাদণ্ড ও জরিমানা করেন।
জানা গেছে, শাহীন আলী গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার হাশর আলীর ছেলে। তিনি একজন মাদকাসক্ত ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী শাহীন আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে নাজমুল হোসেন খান বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম আলমডাঙ্গা উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহীনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
