ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সাংবাদিক, রাজনীতিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাড. আমির রুহুল আমিন বলেন, ‘মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা রমজান মাসে পবিত্র কুরআন নাজিল করেছেন। এই মাস শুধু উপবাস থাকার সময় নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।’
তিনি আরও বলেন, ‘জামায়াত সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছি। অল্প আয়ের ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে জামায়াতের পক্ষ থেকে সহায়তা অব্যাহত রয়েছে। এছাড়া জুলাই বিপ্লবে আহতদের জামায়াতে ইসলামী দায়িত্ব নিয়েছে এবং তাদের পুনর্বাসনের জন্য কাজ করছে।’
রুহুল আমিন আরও বলেন, ‘এতিম শিশুদের চাহিদা পূরণে আমরা কাজ করছি। জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে, যাতে অসচ্ছল শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম লক্ষ্য।’
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, আসন্ন সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জামায়াতের সহকারী সেক্রেটারি ও ব্যবসায়িক সমিতির জেলা সভাপতি আবদুল কাদের, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি শোয়াইব আহমদ কাসেমি, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ ও সেক্রেটারি আহসান আলী।
আরও উপস্থিত ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহজাহান মুকুল, সরকারি কৌঁসুলি (জিপি) আব্দুল খালেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দর্শনা সাংবাদিক সমিতির সেক্রেটারি জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্যসচিব সাফফাতুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, ব্যবসায়িক সমিতির সেক্রেটারি আবু ওবায়দা, সহসভাপতি মাহবুব আশিক, ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. মাহবুবুর রহমান মিলন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক, মাওলানা মহিউদ্দিন ও ইসলাইল হোসেন। এছাড়াও জামায়াতের চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা আমির, সেক্রেটারিসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তারা রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি আত্মশুদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার সময়। ইসলামের নির্দেশিত পথে চলার মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়ন সম্ভব। বক্তারা আরও বলেন, দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত সমাজ গঠন করা সম্ভব। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
