ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাত ১টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজা শেষ হওয়ার পর তাদের পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগার থেকে ছাড়া হয় এবং বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
পুশব্যাক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাবনার চাটমোহরের শিবাস হালদার (৫০) ও তার ছেলে হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম (২০), আক্কাস আলী (২৮), কাজীব আলী (২৩), আব্দুল্লাহ (২৭), রাজশাহীর শাহিন আলী (২৭), পিরোজপুরের আজিল সিপাই (৪৫) এবং মিয়ানমারের বুতিডং জেলার রোহিঙ্গা যুবক রিয়াজসহ (২৪) আরও কয়েকজন।
বিএসএফের মাধ্যমে সীমান্ত পার হয়ে আসার পর তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয় এবং পরে বিভিন্ন যানবাহনে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
