দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে ভোররাতে ফের বিকট শব্দে বোমা বিস্ফোরণ

আপলোড তারিখঃ 2025-02-21 ইং
দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে ভোররাতে ফের বিকট শব্দে বোমা বিস্ফোরণ ছবির ক্যাপশন:

দর্শনায় ফের ভোররাতে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক দুই গ্রামে পরিত্যক্ত অবস্থায় ৬টি বোমা পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে বোমাগুলো পাওয়া যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে দর্শনাসহ দুই গ্রামের মানুষের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর দল। এ শক্তিশালী বোমাগুলো ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে বোমা তৈরির কারিগর দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আলীহিমকে (৫০) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ভোরে দুর্বৃত্তরা একটি বোমা বিস্ফোরণ ঘটায়। পরে দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে বোমার কারিগর আলীহিমকে গ্রেপ্তার করা হয়। আলীহিমের স্বীকারোক্তিতে দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মাঝপাড়ার মৃত নুরুল ইসলামের বাঁশবাগানের ভেতর থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করা হয়।

``

জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর গ্রামে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে দিগব্দিক ছোটাছুটি শুরু করে। এরপর ঈশ্বরচন্দ্রপুর গ্রামের লোকজন মসজিদপাড়ার মৃত আনছার আলীর ছেলে রুবেল হোসেনের বসত ঘরের পেছনে বোমা বিস্ফোরণের ধোয়া দেখতে পান। একই স্থানে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি বোমা পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখে।

এদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী ২ কিলোমিটার দূরে আকন্দবাড়িয়া মাঝপাড়ার মৃত নুরুল ইসলাম মাস্টারের বাঁশঝাড়ের নিচে আরও ৪টি বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ তিতুমীর। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ধারাবাহিকভাবে এলাকায় বোমা পাওয়ায় দর্শনায় বোমা আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, ‘বোমা উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। যেকোনো সময় আমরা অপরাধীকে ধরে ফেলব। এদিকে বোমা ডিসপোজাল টিম আসার অপেক্ষায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী।’

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কেরুজ চত্বরে ভোরে একটি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে বেলা ১১টার দিকে একটি লাল স্কচটেপ মোড়ানো বোমা উদ্ধার করে বিস্ফোরণ ঘটায় বোমা ডিসপোজাল টিম রাজশাহীর র‌্যাব ৫-এর একটি দল। এরপর ১৫ ফেব্রুয়ারি কেরুজ চত্বরের পুকুরের ভেতর কালো স্কচটেপ মোড়ানো আরও একটি বোমা উদ্ধার করে। পরদিন ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরুজ চত্বরে যৌথবাহিনী চিরুনি অভিযানে আরও ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এ বোমাগুলো ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরের দিন বিকেল ৪টায় যশোর সেনাবাহিনীর বোমা ডিসপোজাল একটি টিম বোমাগুলো বিকট শব্দে ধ্বংষ করে। ৪ দিনের মাথায় আবারও একটি বোমা বিস্ফোরণ ও ৬টি বোমা উদ্ধারের ঘটনায় দর্শনাবাসীকে বেশ ভাবিয়ে তুলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)