ছবির ক্যাপশন:
দর্শনার কোটালী এলাকায় সরকারি রাস্তার ধারের গাছ চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই বিভিন্ন রাস্তার সরকারি গাছ কাটা হলেও চোরচক্রকে আটক করার খবর নেই। এরই মধে রাতে আধারে হিজলগাড়ী-কোটালী সড়কে সরকারি গাছ চুরি করে কাটার চেষ্টা করলে গ্রামবাসীর ধাওয়া খেয়ে কাটা গাছ ফেলে পালিয়ে গেছে সংবদ্ধ চোরচক্র। তবে গ্রামবাসী এক চোরকে শনাক্ত করলেও আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ১০টার দিকে হিজলগাড়ী-কোটালী সড়কের নলবিলা মাঠের মধ্যে ৫-৬ জন চোরচক্র সরকারি গাছ কাটছিল। এসময় নলবিলা গ্রামের আশরাফুল ইসলামের নেতৃত্বে গ্রামবাসী চোরচক্রকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তবে গ্রামবাসী একজনকে চিনে ফেলে বলে জানান।
নলবিলা গ্রামের আশরাফুল ইসলাম বলেন, ‘গাছ কাটার সংবাদ শুনে গ্রামবাসীকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে চোরচক্র পালিয়ে যায়। এসময় আমরা কোটালী গ্রামের শুকুর আলীর ছেলে ভ্যানচালক হযরত আলীকে চিনতে পেরেছি। তবে তাকে আটক করতে পারিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এএসআই আনোয়ার হোসেন উপস্থিত হয়ে একটি কাটা গাছ উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।’
এ বিষয়ে তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাটা অবস্থায় থাকা একটি গাছ উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। চোরদের আটক করার চেষ্টা চলছে।’
এদিকে, এলাকাবাসী অভিযোগ করে বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কোটালী-হিজলগাড়ী, কৃষ্ণপুর-কোটালী, কোটালী-উজুলপুর সড়কের মূল্যবান গাছ রাতের আধারে কে বা কারা প্রতিনিয়ত কেটে নিয়ে গেলেও প্রশাসন আজ পর্যন্ত চোর শনাক্ত বা কাউকে আটক করতে পারেনি। দ্রুত চোরদের আটক করার পাশাপাশি সরকারি রাস্তার গাছ রক্ষায় প্রশাসনিক তৎপরতার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী
