ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বদরগঞ্জ বাজার এলাকায় এসব অভিযান চালিয়ে তাদের আটক করা হয। এসময় মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোছা. সাহারা ইয়াসমিন, উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল ও অন্যান্য সদস্যদের নিয়ে এসব অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টায় বদরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেলকে (২৫) আটক করা হয়। আটক রাসেল সদর উপজেলার ডিঙ্গেদহের মানিকডিহি গ্রামের বাসিন্দা। এসময় তার মোটরসাইকেলে বাঁধা একটি বড় কার্টুন থেকে ২০৪ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সকাল ১০টায় একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও এক মাদক ব্যবসায়ী আবুল কালামকে (৪৩) গ্রেপ্তার করা হয়। আবুল কালাম ঝিনাইদহ সদর উপজেলার বদরগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তার মোটরসাইকেলের সঙ্গে বাঁধা কার্টুন থেকে আরোও ২২৪ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোছা. সাহারা ইয়াসমিন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় আরেকটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
