ছবির ক্যাপশন:
দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে পাওয়া চারটি শক্তিশালী বোমা নিস্ক্রিয় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে কেরু কোম্পানি চত্বরে যশোর ক্যান্টনমেন্ট ৫৫ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিস্ক্রিয় করেন।
বোমাগুলো শক্তিশালী বলে জানিয়েছেন তারা। এর আগে গত রোববার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করে যৌথবাহিনী।

১৪ ঘণ্টারও বেশি সময় আইনশৃঙ্খলা বাহিনী বোমাগুলো ঘিরে রাখে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশ থেকে দুটি সাদা ও লাল টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী।
স্থানীয় ও প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানে সদ্য স্থগিত হওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এই ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
